এ্যাডেনিয়াম পরিচিতি | Adenium
আজ আমরা অ্যাডেনিয়াম পরিচিতি নিয়ে কিছু কথা জানবো।
পুরাণ থেকে অপ্সরী শব্দটা আমরা জেনেছি। অনিন্দ্য সুন্দর, চির যৌবনা, অপরুপ রুপের অধিকারিণী। তেমনি এক অপ্সরী হলো অ্যাডেনিয়াম। মরুভূমির এই অপ্সরী খুব সহজেই তার রুপ লাবন্যে পাল্লা দিয়েছে ফুলের রানী গোলাপের সাথে। তাই বুজি এই সুন্দরীর আরেক নাম ‘Desert Rose’ বা ‘মরুভূমির গোলাপ’।
মরুভূমির হলেও আমাদের দেশের মাটি আর জলবায়ুতে খুব সুন্দর মানিয়ে নিয়েছে গাছটি। অল্প মাটিতেই হয় বিধায় একে খুব সহজেই টবে লালনপালন করা যায়। সাধারণত প্রাকৃতিক ভাবে বীজ থেকেই এর বংশ বিস্তার হয়।
অ্যাডেনিয়ামের আদি মাতৃভূমি দক্ষিণ-পূর্ব আফ্রিকার মরুভূমি। তবে এটি সুদান, কেনিয়া, সেনেগালের পশ্চিমাঞ্চলও যথেষ্ট দেখা যায়। ফুলের কদর ও সৌন্দর্যের কারণে বর্তমানে বাণিজ্যিকভাবে সবচেয়ে বেশি চাষাবাদ হচ্ছে থাইল্যান্ডে। এর পরের অবস্থানে রয়েছে ভারত, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, চীন, ফিলিপাইন, জাপান থেকে শুরু করে মধ্যপ্রাচ্য। এমনকি ইউরোপ আমেরিকায়ও এর চাষ হচ্ছে।
Apocynaceae পরিবারভুক্ত গাছটি শীতের পর থেকে শীতের আগ পর্যন্ত অর্থাৎ ফেব্রুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত অবিরাম ফুল দিয়ে থাকে। ফুলের রং সাধারণত গোলাপি থেকে লাল ও সাদা বর্ণের। তবে ভিন্ন ভিন্ন রং এর ফুলের জাতও রয়েছে।
অ্যাডেনিয়াম গাছটিও এক ধরনের সাকুলেন্সি বৈশিষ্ট্যের উদ্ভিদ। এটি তার কাণ্ডে পানি ধারণ করে রাখতে পারে, যা খুব অল্প পানিতেও বেচে থাকতে পারে। এর গঠনপ্রকৃতি অত্যন্ত আকর্ষণীয় এবং প্রাকৃতিকভাবেই এটি বনসাই প্রকৃতির। তাই টবে চাষ করার জন্য এটি খুবই উপযুক্ত একটি গাছ। কয়েকদিন পরপর অল্প কিছু পানি দেওয়া ছাড়া আর তেমন কোন যত্ন করা লাগে না। 
(সংগৃহীত )
তথ্য সংগ্রহ ও লেখকঃ Md Sajjad Hossen Jim
